নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬
০৭:৩০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২৬
০৭:৩০ অপরাহ্ন
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সিলেট থেকে সড়কপথে ঢাকা যেতে এখন প্রায় ১০ ঘণ্টা লেগে যায়। অথচ সিলেটের অনেক মানুষ নিয়মিত লন্ডনে যাতায়াত করেন, লন্ডন যেতে এত সময়ও লাগে না। এটিই গত ১৫–১৬ বছরের তথাকথিত উন্নয়নের বাস্তব চিত্র।
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘২০০৫ সালে সুনামগঞ্জে বন্যার সময় আমি সিলেট হয়ে সেখানে গিয়েছিলাম। তখন ঢাকা থেকে সিলেট হয়ে যেতে সাড়ে চার ঘণ্টার মতো সময় লেগেছিল। আজ একই পথে যাতায়াতে ১০ ঘণ্টা লাগে। উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করার ফল আজ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।’
বক্তব্যে তিনি বলেন, গত দেড় দশকে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, হয়েছে ভোটারবিহীন ও নিশিরাতের নির্বাচন। এসব তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
তারেক রহমান বলেন, ‘আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে, যারা আমাদের সবার অধিকার ফিরিয়ে দিতে রাজপথে নেমেছিল। যারা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। তাদের ত্যাগের পথ ধরেই আজ আমরা আবার রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে নেমেছি।’
দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি জনসভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দেব কিসে, ধানের শীষে’সহ বিভিন্ন স্লোগানে মাঠ মুখর করে তোলেন। ১২টা ৫৮ মিনিটে বক্তব্য শুরু করে ১টা ২৫ মিনিটে শেষ করেন বিএনপি চেয়ারম্যান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশটি সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এছাড়া বক্তব্য দেন সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদী লুনা, সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালেক, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন মিলনসহ বিএনপি ও শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আরসি-০৪