নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৬
০৬:৩২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২৬
০৬:৩২ অপরাহ্ন
দশ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জোটের ভেতরে সমঝোতা না হওয়ায় নির্বাচনে বহাল থাকছেন এনসিপির প্রার্থী প্রীতম দাশ।
১০ দলীয় জোটের আসন সমঝোতার প্রেক্ষাপটে সিলেট বিভাগে এনসিপির তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে মৌলভীবাজার-৪ আসন নিয়ে জোটের শরিকদের মধ্যে ঐকমত্যে পৌঁছানো না যাওয়ায় এই আসনটি এখনো উন্মুক্ত রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপি— উভয় দলের পক্ষ থেকেই জোটের কাছে দাবি করা হয়। দুই দলের মধ্যে সমঝোতা না হওয়ায় আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। ফলে খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী এবং এনসিপির প্রার্থী প্রীতম দাশ দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসনে জামায়াতের প্রার্থী মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আসন উন্মুক্ত রাখার বিষয়টি এনসিপির প্রার্থী প্রীতম দাশ নিজেই নিশ্চিত করেছেন।
এদিকে সিলেট জেলায় এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করা তিনজনই মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করেছেন। সিলেট-৩ আসনের প্রার্থী নুরুল হুদা জুনেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-১ আসনের প্রার্থী এহতেশাম হক মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।’ জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই ঐতিহাসিক নির্বাচনে ব্যক্তি বা দলের স্বার্থ নয়, দেশের স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাই অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করেন তিনি।
এহতেশাম হক আরও লেখেন, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা এবং দুর্নীতি ও পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে ১০ দলীয় জোটের বৃহত্তর ঐক্যকে শক্তিশালী করতে এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি সিলেট-১ এবং রাশেল উল আলম সিলেট-৪ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করছেন।
তার পোস্টে জানানো হয়, সিলেট বিভাগ থেকে এনসিপির প্রার্থী হিসেবে প্রীতম দাশ মৌলভীবাজার-৪ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। একই সঙ্গে দলের শৃঙ্খলা মেনে এবং দেশের বৃহত্তর স্বার্থে ১০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে মাঠে নামতে সিলেট বিভাগের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।
এহতেশাম হক তার বক্তব্যে বলেন, এই ত্যাগ কোনো দুর্বলতার প্রকাশ নয়, বরং এটিই দেশপ্রেমের পরিচয়।
আরসি-০৯