শাকসু নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৯, ২০২৬
০৩:৩১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২৬
০৩:৩১ অপরাহ্ন



শাকসু নির্বাচন স্থগিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোট গ্রহণের কথা থাকলেও আদালতের আদেশে আপাতত সেই নির্বাচন আর হচ্ছে না।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, শাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর ফলে মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। চার সপ্তাহ পর যে কোনো সময় নির্বাচন আয়োজনের সুযোগ থাকছে।

এর আগে রোববার শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা রয়েছে। সেই প্রেক্ষাপটে শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে দাবি করা হয়।

আরসি-০৮