জেলা বিএনপির সভাপতি পদ থেকে আরিফের প্রার্থীতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২২, ২০২২
০৫:৪১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২২
১০:২৭ অপরাহ্ন



জেলা বিএনপির সভাপতি পদ থেকে আরিফের প্রার্থীতা প্রত্যাহার

আসন্ন সিলেট জেলা বিএনপির সম্মেলনের সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২ টা নগরের কুমারপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের হাই কমান্ডের নির্দেশনার আলোকে আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদ থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিতে আমি অকুন্ঠ ভাবে ঘোষণা করছি।'

সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরীর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় আরিফুল লিখিত বক্তৃতায় জানান, বিএনপির উচ্চপর্যায়ের নির্দেশনায় তিনি সভাপতির পদ থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।


সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, ‘দলীয় শৃঙ্খলা ও আপসহীনভাবে কমান্ড মেনে চলার দৃঢ়তা আমার পাথেয়। সারা দেশে যখন বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠনে দিনরাত অতিবাহিত করছে, তখন গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা হরণকারী ফ্যাসিস্ট বাকশালি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ে শামিল থাকা এক খাঁটি বিএনপি কর্মী হিসেবে আমি সভাপতি নির্বাচন করতে সিদ্ধান্ত নিই।’

মেয়র লিখিত বক্তব্যে আরও বলেন, ‘মাত্র এক সপ্তাহের পদচারণে সিলেট জেলার ১৮টি সাংগঠনিক অঞ্চলে প্রাণচাঞ্চল্য তৈরি করতে সক্ষম হই। এমতাবস্থায় তৃণমূল বিএনপির নেতা-কর্মী যেভাবে আমার প্রতি সাড়া দিয়েছেন, তা এককথায় বর্ণনা দিলে শুধু বলতে হয়, অপূর্ব! আজ বিএনপি কর্মী ও জনতার জন্য সারা জীবন উৎসর্গ করে দিলাম।’

এর আগে সোমবার (২১ মার্চ) জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে জেলার ১৮টি সাংগঠনিক অঞ্চলের ১ হাজার ৮১৮ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করার কথা ছিল। তবে সম্মেলনের এক দিন আগে গত রবিবার হঠাৎ করেই কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, সম্মেলন উপলক্ষে কাউন্সিলরদের তালিকা তৈরিতে ‘অনিয়ম’ হয়েছে জানিয়ে এ তালিকা যাচাইয়ের জন্য সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে বলে কেন্দ্র থেকে রোববার জেলা আহ্বায়ক কমিটিকে জানানো হয়। ভোটার তালিকা সময়মতো প্রকাশ না করা এবং কাউন্সিলরদের তালিকা যাচাইয়ের জন্য কেন্দ্রীয় বিএনপি সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। এ কমিটির ২৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা আছে।

এনএইচ/আরসি-১০