সিলেট মিরর ডেস্ক
মার্চ ২২, ২০২২
০৭:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২২
০৫:৪৪ অপরাহ্ন
জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি এবারের জেলা কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী।
আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টায় সিলেট নগরের মানিকপীর রোডস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে তিনি এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ‘নাটকীয়তাপূর্ণ’ কাউন্সিল নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত জানাতে পারেন মেয়র আরিফ। তবে কী সিদ্ধান্ত এখনও জানা না গেলেও বড় চমক দিতে পারেন মেয়র আরিফ- এমন গুঞ্জন নেতাকর্মীদের মাঝে।
সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। কিন্তু ভোটার তালিকা সময়মতো প্রকাশ করতে না পারায় একদিন আগে কাউন্সিল ও সম্মেলন স্থগিত করে দেয় কেন্দ্র।
চলতি মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখের যে কোনো দিন জেলা বিএনপির কাঙ্ক্ষিত এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার নতুন সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়।
সোমবার রাত সোয়া ১০ টার দিকে এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপি কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গাফফার গণমাধ্যমকে জানান, কাউন্সিলে অংশ নিতে বিভিন্ন পদে যেসকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহারের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চান তবে তাকে মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৫টার মধ্যে অ্যাডভোকেট আব্দুল গাফফার বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে।
নির্ধারিত সময়ের পর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরসি-০৫