শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ২২, ২০২২
০২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২২
০২:৪৪ পূর্বাহ্ন
‘বন এবং টেকসই উৎপাদন এবং ব্যবহার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোরোর সোসাইটি উদ্যোগে বিশ্ব বন দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার (২১ মার্চ) একাডেমিক ভবন 'ই' থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বর হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনটির উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ কাইসার ইবনে রহমান বলেন, ক্যাম্পাসে ফুলের গাছ অনেক বেশি থাকলেও ফলের গাছ কম আছে। এরজন্য তিনি গ্রীন এক্সপ্লোর সোসাইটিকে উৎসাহিত করেন যেন প্রশাসনের অনুমতিক্রমে নিজ উদ্যোগে ফল গাছ লাগানো হয়।
সংগঠনটির সভাপতি মো মাকসুদুল হোসেন ভুঁইয়া বলেন, আন্তর্জাতিক বন দিবস, একটি উদযাপন যা বন এবং জঙ্গলযুক্ত এলাকা রক্ষার জন্য ঘোষিত। দিনটি জীবনের জন্য গাছের গুরুত্বের একটি অনুস্মারক হতে চায়, যেহেতু তারা বাতাসের বিশুদ্ধতার একটি উৎস এবং মানুষের জন্য উপকরণ এবং ফল সরবরাহ করে। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১২ সালে ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করে। তখন থেকে এই দিনে বিশ্ব বন দিবস পালিত হয় যা সব ধরনের বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
উল্লেখ্য, শাবিপ্রবির একমাত্র পরিবেশবিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোরোর সোসাইটি পরিবেশ রক্ষা এবং এর সংরক্ষণ নিয়ে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি র্যালি করে সংগঠনটি।
এইচএন/আরসি-১৭