শাবিতে ভিসি বিরোধী আন্দোলন একদিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১২, ২০২২
০৬:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০৬:৩৪ পূর্বাহ্ন



শাবিতে ভিসি বিরোধী আন্দোলন একদিনের জন্য স্থগিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান উপাচার্য বিরোধী আন্দোলন একদিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রীর ক্যাম্পাস ত্যাগের পর গোলচত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ইয়াসির সরকার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আশা করি মহামান্য আচার্য (রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ) শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমাদের অভিযোগগুলো জেনে উপাচার্যকে দ্রুত অপসারণে উদ্যোগ নেবেন। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমাদের করণীয় নির্ধারণে শনিবার বিকেলে সব শিক্ষার্থীদের নিয়ে আমরা বৈঠক করবো। এই বৈঠকের পর আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এর আগ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে।

আন্দোলনরত এ শিক্ষার্থী আরও বলেন, আমরা শিক্ষামন্ত্রীর কাছে ৮টি দাবি জানিয়েছি। এর মধ্যে আমাদের প্রধান দাবি উপাচার্যের পদত্যাগ ছাড়া বাকি সবগুলো ইতিবাচকভাবেই নিয়েছেন মন্ত্রী। এগুলো দ্রুত পূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। উপাচার্যের অপসারণ যেহেতু তার এখতিয়ারভুক্ত নয়, তাই বিষয়টি তিনি আচার্যকে অবহিত করবেন বলে জানিয়েছেন।

আরসি-০৪