জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২২
০৯:৫৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২২
০৯:৫৮ অপরাহ্ন
৭ম ধাপে জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর মাঠে ছিলেন একে অপরের চির প্রতিদ্বন্দ্বী । নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাদ জুম‘আ নিজপাট ইউপির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মো. ইন্তাজ আলী তার নিকটমত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল মালিক পাখির বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় একে অপরের সাথে কুশল বিনিময় করেন। নির্বাচনের চির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী নিজপাটের উন্নয়নে একে অপরের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মো. সাব্বির আহমদ, বিএনপি নেতা নূরুল হক, মুহিবুল হক প্রমুখ। নির্বাচিত প্রার্থী মো. ইন্তাজ আলী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল মালিক পাখিকে মিষ্টিমুখ করান।
মো. ইন্তাজ আলী ও মো. আব্দুল মালিক পাখি বলেন, আমরা একে অপরের ভাই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলাম নির্বাচনের দিন পর্যন্ত এটা চিরায়িত নিয়ম। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে প্রতিদ্বন্দ্বিতা শেষ। নিজপাটের উন্নয়ন নিয়ে আমরা ১৭ পরগনার ঐতিহ্য ধরে রাখতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাজ করে যাব।
আর কে/বি এন-০৪