কানাইঘাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ০১, ২০২২
১২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২২
১২:৫৯ পূর্বাহ্ন
নিহত ফরিদ উদ্দিন। ছবি- সিলেট মিরর
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় এলাকায় দুবৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে ফরিদ উদ্দিন নামে এক যুবককে হত্যা করেছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি) বিকেল অনুমান সাড়ে ৪টার দিকে বড়খেওড় গ্রামে এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ উদ্দিনের বাড়ি স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামে। তার পিতার নাম রফিক উদ্দিন বলে জানা গেছে।
এ হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট মর্গে প্রেরণ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন দুবৃত্তদের হামলায় নিহত ফরিদ উদ্দিন মোটরসাইকেল যোগে বিকেল সাড়ে ৪টার দিকে তার ভায়রা শাহীন আহমদকে নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসামাত্র কয়েকজন দুবৃত্ত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। দুবৃত্তরা ফরিদ উদ্দিনের দুই পা ও হাতে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর রক্তাক্ত জখম করলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় ফরিদ উদ্দিনের সঙ্গে থাকা তার ভায়রা শাহীন আহমদও আহত হয়। তবে কারা ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
নিহতের আত্মীয় স্বজনরা জানান,ফরিদ উদ্দিন তার ফেসবুকের নিজস্ব আইডিতে এনাম খান নামে এক ব্যক্তি তাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। যা গত কয়েকদিন থেকে ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে আসছিলেন। এর জের ধরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুর্বৃত্তদের হাতে ফরিদ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।
হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের পরিচয় সনাক্ত ও তাদের আটকে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।
এমআর-০১/এএফ-০২